নির্দিষ্ট ঠিকানায় দাঁড়িয়ে

তিথিকা তোমার লোভহীন পৃথিবীকে,
মেয়েমানুষের মতো তুমি ভালোবাসো,
তা তুমি বলেছো—
হ্যাঁ, আমার পরাজিত পৃথিবী,
নির্দিষ্ট ঠিকানায় দাঁড়িয়ে থাকে
পাতাল গর্ভে, বেরিয়ে আসে বিষণ্ণে,
নাস্তিক শরীরে—
তোমার ভালোবাসার নিরপেক্ষ মন
জয়ী নয়, সেই মনে কস্তুরীর ঘ্রাণে
বিড়াল চলে যায় নিঃশব্দে,
অবশ্যই টের পাওনি—
তোমার মন—
পাতাল গর্ভ মনে রাখে,
দুটো আলোর বিন্দুদ্বয়ে—
মেলে দাও টুকরো টুকরো বিস্ময়ে
আর আলো ও অন্ধকারের গোলাপের পাপড়িকে—
অবসর প্রাপ্ত মনুমেন্টের
একা দাঁড়িয়ে থাকার পাগলামি
ছুঁয়ে যায় আকাশকে—
তাই দেখে তিথিকা তুমি বলতে,
ডানদিকে দাঁড়িয়ে সহ্য করেছো,
চার দশকের অনেক পাপপুণ্য—
তিথিকা, তুমি তো বলতে
শীতের রাতে, রাস্তার ধারে
কাপুরুষ কাঠগুলোকে, ঘন আগুনে পোড়ায়—
বোঝা যায় ওদের দুঃখকে—
তাতে তুমি দুঃখের ছদ্মবেশে
মন খারাপ করতে না—
ব্যস্ত সময় এলোমেলো অন্ধকার
সরিয়ে, আয়নার সামনে দাঁড়িয়ে
নিজের নাম ধরে নিজেকে ডেকে
অহংকারী মনে করতে—
তিথিকা, সেই পাপপুণ্যের মর্মে,
প্রশ্নগুলো নিয়ে বুকের মধ্যে
হাসির ডানা মেলে—
আমাকে বোঝাতে আপত্তি করতে না
পরাজিত পৃথিবীতে আমি তমস্বান হয়ে
ছুটে এসেছি—
আমি জংশন বারে বসে যাবতীয়
পার্থিব প্রশ্নের উত্তরগুলো দিয়েছি
স্রোতহীন বাতাসে—
আর উত্তরগুলো
ইলেশে গুঁড়ি বৃষ্টির মতো উড়ে যায়—
চঞ্চল হাওয়ায়,
সময়ে ও সময়ের মর্মে মুখোমুখি
দাঁড়ালে—
চার দশকের
তোমার লোভহীন পৃথিবীতে,
তোমারই আঙ্গুলের ছোঁয়ায়
বিস্ময়ের টিপ,
তোমার কপালে তিথিকা—
তা আমি দেখতে পেয়েছিলাম
নির্দিষ্ট ঠিকানায় দাঁড়িয়ে...
20/1/2026
Amitava Mukherjee
Recitation: Antara Das
Illustration: Sumit Sanyal
Branding: Kaushik Bhattacharyya
Copyright@ Amitava Mukherjee
No Comment! Be the first one.