পদ্য:পালাগানের সুরগুলো

বেহালা বাদককে খুঁজে পেয়েছো
নীলাঞ্জন মায়ায়—
অবশেষে—
অবর্ণনীয় রাস্তাও খুঁজে পেয়েছে,
বিবি বোস আবারও
পথের পূর্ণচ্ছেদে—
তখন তোমার সেই সঙ্গী—
একাকী জনতার সাথে মিশে যায়,
বর্ণনীয় আতঙ্কের পথে—
আর জানলার সামনের মৌচাক
সেই রাস্তা খুঁজে দেবে
বিবি বোস তোমাকে—
ওই সেই নগরের বাগানে—
তিনটি পাথরের সূর্য ঘড়িকে
চলতি দিনের পাংশু ঠোঁটের ছায়ায়
ঢাকা পড়ে, চলতি সময়ে—
লালচন্দন গাছের কালচে লালের
আভায়,
ইচ্ছা-দিন মুখ ঘুরিয়ে রাখে—
চিন্তা করোনা বিবি বোস—
তোমার কপালের লাল টিপটা কেঁপে ওঠে,
চুলের ফ্যাকাসে রঙে—
কাঁধে ঝরে পড়ে ইলশে
গুঁড়ি বৃষ্টির বিন্দু বিন্দুর সুচারু
কোমলতা, তোমারই সৌজন্যে—
তোমার নিত্য আসার শব্দের
গুঞ্জনে,
সুপ্ত প্রতিভায় নগর কোলকাতা
কান পেতে শোনে,
বেহালা বাদকের সহজ সরল সুরগুলোকে—
বিবি বোস, যা তুমি বারংবার শুনেছো
পথের পূর্ণচ্ছেদে, পথেরই মুখে—
তোমার রোজকারের পালাগানের
সুরগুলো—
ধীরে ধীরে বেহালায় বাজতে থাকে
তোমারই ড্রয়িং রুমে।
17/5/2026
Amitava Mukherjee
Recitation: Antara Das
Illustration: Sumit Sanyal
Branding: Kaushik Bhattacharyya
Copyright@ Amitava Mukherjee
No Comment! Be the first one.