ছবিগুলো সাজানোই থাকে

ঘনাদা বুঝতে পেরেছে,
একটা বন্দুক—
বিদ্যুতের ঝলকের মতো,
বিস্ফারিত করতে পারে সমুদ্রকে।
সাদা ইক্ষুগন্ধার বিশাল ঝোপ
বসার ঘরে জানলার
বাইরে--
রোজ একটু একটু করে বাড়তে থাকে
ঘনাদার নজর এড়িয়ে।
সমুদ্রের মাঝখানে বিছানায়
ঘুমায় ঘনাদা—
তখনই মেঘ গর্জন করে,
নিজেকে বোঝাতে থাকে,
আমি শুয়ে আছি মেঘের উপরে।
ঘনাদা বসার ঘর থেকে
খেয়াল করে,
দিগন্তের ঘোড়াগুলো রাস্তার
ধারে,
দোকানগুলোর দেয়ালে পা রেখে
ঢোল বাজায় যে কোন তালে।
তারপরই ওই দোকানগুলো
ডান দিক থেকে বাম দিকে
ধসে পড়ে।
সারা রাত ধরে রাস্তার ধারে
বৈদ্যুতিক তারের ঝিকিমিকিতে—
হারিয়ে যাওয়া মেয়ের গান
পুড়তে থাকে।
ঝড়ো বাতাসে গানের
কণাগুলো
জেগে উঠে হাওয়ার গতিপথে।
ঘনাদা দেখতে পায় ঝড়ের
মধ্যে
বৈদ্যুতিক তারগুলোকে
একদল লোককে মেরামত করতে।
একটি ট্রাকের সামনে
চামড়ার পোশাক পরা,
যাত্রাপাড়ার পার্শ্বচরিত্রের অভিনেতারা—
উত্তরের বাতাসে
গিটারের ছেঁড়া তারগুলো যত্ন করে
রাখে বাক্সে।
সাজানো ছবিগুলো সাজানোই থাকে—
ঘনাদার বসার ঘরে।
22/5/2025
Amitava Mukherjee
Recitation: Antara Das
Illustration: Sumit Sanyal
Branding: Kaushik Bhattacharyya
Copyright@ Amitava Mukherjee
Entire experience is great
Kobita recitation and illustrations too
Thank you very much!