হোসিয়ারি কারখানা ও রাতিমনগরের নিরুপমা

হোসিয়ারি কারখানা ও রাতিমনগরের নিরুপমা
নীল রূপসী আকাশ
মুখ রাখে
পুকুরের মাতাল বুকে
বসন্তের সকাল
পরস্ত্রীর মতো অসময়ের
বৃষ্টির দরদী জলে
তারপর রূপসী আকাশ
পুকুর থেকে মুখ তুলে
ভেসে যায়
মাঠের উপর দিয়ে—
মহিমের জীবদ্দশায়
মহান আরশিখানা
মনে পড়ে
কখনও কখনও
শরীরের সব স্তুতি
জানা সত্ত্বেও
বুড়ো আঙুল, হাঁটু, হাতের
বিরোধ লেগে থাকে
মহিমের সাথে
তখন ঘড়ির কাঁটা
বাজতে থাকে
টিক টিক করে —
বিবর্ণ মুখোশে দেখেছে
তাকে বয়ে নিয়ে যাবার
জন্য পৃথিবী যথেষ্ট নয়
সামনে পথ নেই
আগুনের ফিতে
চোখ থেকে সরিয়ে
দুই হাতে
স্ফটিক আকাশ ধরেছে
কাথার মতো
বদলে যায় মহিম
বদলে যায় নীল ডানা
ইঁদুরের মতো
বৃষ্টির কালো জলে
গর্ত থেকে বেরিয়ে থমকে যায়
শোভার মতো ধুলোয় আর
সারা শরীরের ঘামে
নিরুপমা দমকা হাওয়া
রাতিমনগরে
দূরে এক যুবতী জানলায়
তাকিয়ে থাকে
যখন বাধ্য কাঙালের মতো
উপরে উঠে আসে—
অবশ্যই যুবতী মেয়ে
দেখতে পাচ্ছে
অবাক চোখের পাতার তলে
মহিমের নীল শরীর
ববিন সিলের উপর হেলান
দেয় সকল লিপ্সায়
এবং হাজার হাজার চোখ তাকিয়ে থাকে
ওর দিকে—
কে জানে,
কে জানে জানালায় কি ঝুলেছিল
ঝাঁকুনি দিচ্ছিল
মহিম ও অন্ধকারের মাঝখানে
কোথায় বসে ছিলে
যাই হোক,
মহিমকে তুলে দাঁড় করালো
মুখ ফিরিয়ে নিয়েছে
স্পৃহায় ক্লান্ত রাতিমনগরের অন্ধকার
আর
কালি মাখানো ভাঙা-অভাঙা ববিন সিল
হোসিয়ারি কারখানা
বাঁকা ভুল পথে
মুখ ঘুরিয়ে নিল চিরতরে
সন্ধেয়
মহিমের কল্পনার ঘনবন্ধন থেকে—
ক্রোশ খানেক দূরে হোসিয়ারি কারখানা ও
রাতিমনগরে
নিরুপমা এলোচুলে থেকে যায় অজান্তে।
6/9/2025
Amitava Mukherjee
Copyright@ Amitava Mukherjee
Heartfelt and Sincere words 👏🏼
Thank you!
Eto sundar sorol bhasa. Bhalo laglo
Thank you!
শিল্পাঞ্চলের রুক্ষ পরিবেশের সাথে মানুষের অভ্যন্তরীণ যন্ত্রণা ও প্রকৃতির সৌন্দর্যের এক মেলবন্ধন এখানে ফুটে উঠেছে।
Thank you!