ফেরিওয়ালার প্রেয়সী

হুইস্কির গ্লাসে অন্ধ বিশ্বাসে—
লিপস্টিকের দাগে
ঠোঁট এঁটো হয় ঠোঁটে।
চোখাচোখিতে বিনম্র অন্ধকারে,
চোখের মধ্যে জাহাজ ভাসে,
সমুদ্রের এঁটো নোনাজলে—
পাড়ের সন্ধানে।
হুইস্কির গ্লাসে দখল করা
অন্ধকারে প্রেম, এঁটো হয়
ইন্দ্রিয়ের উস্কানিতে।
যা কিছু বোঝা যায়
না বোঝানোর বর্ণনায়
নম্র চোখে তারার ফুর্তিতে—
আয়েস সিগারেটের ধোঁয়া,
পোড়া বাতাসে বোঝবার খেয়ালে
স্বাদহীন করে, বর্ণনায়—
তিন্নি দেবী মূর্তি নয়
ফেরিওয়ালার প্রেয়সী—
চোখের ভিতরে, অন্ধ বিশ্বাসে।
ওকারে আকারে বর্ণনীয়
এঁটো প্রেম—
বহু কেন্দ্রবিন্দুতে অবর্ণনীয় হয়
কাগজে-কলমে।
স্থির কম্পমান চোখে
আমি জেনেছি, আরো জেনে
যেতে হবে, চার দেয়ালের
মধ্যে, তোমার শখে।
আর তুমি টের পাবে, একটি
জীবনধারা, কাগজে কলমে—
ফেরিওয়ালা হুইস্কির গ্লাসে
চুমুক, কাজে অকাজে,
অতীতের লম্বা বেণীতে
এঁটো ঠোঁটে।
ভবিষ্যতের পৃথিবীর সাধে
ঠোঁট রাখে পাংশু ঠোঁটে—
তোমারই প্রেমপ্রীতিতে
শীতের সন্ধে হয় সেখানে।
ফেরিওয়ালার দেখার অতীতে
কাজ অকাজে বুঝেছে—
সহজ বৃষ্টি নেই সেখানে
এদেশ থেকে অন্য দেশে—
মেঘ ভেসে যায় তিন্নির মুখ
এঁটো করে—
তার কাছে গিয়ে বুঝেছি
সন্ধে মিত্র হয়েছে সিক্ত ঠোঁটে—
হলুদ রঙ ভাগাভাগি হয়েছে—
সাক্ষী ছিল দুটো ফাঁকা প্লেট
ও খালি হুইস্কির গ্লাস।
23/1/2026
Amitava Mukherjee
Recitation: Antara Das
Illustration: Sumit Sanyal
Branding: Kaushik Bhattacharyya
Copyright@ Amitava Mukherjee
Romantic indeed
Yes it is. thanks!