কাব্য-কাহিনী-ট্রিনকাসে বসে ভাবছিলাম
পর্ব-১: কাউকে কখনই বুঝতে দিত না

ট্রিনকাসে বসে ভাবছিলাম
দীপিকাকে নিয়ে কি লেখা যায়—
সে তার নিজের গল্প কিছুই
বলেনি
বা আশেপাশের যারা আছে ওকে
ঘিরে তারাও তেমন করে কিছুই জানে না—
বাইরে থেকে দীপিকাকে মনে হয়
ঠিক ঠিক ভাবেই নিজের পৃথিবীতে
ও নিজেকে ধরে রেখেছে—
বাইরে থেকে মনে হবে ওকে—
প্রয়োজনে যা যা রাখার দরকার
তাই ও নিয়ন্ত্রণে রেখেছে—
প্রত্যেক নিয়ন্ত্রণের মোড়ে, দীপিকা নিজেকে
ভাঙতে থাকে—
ওর ভেঙে যাওয়া, বাইরে থেকে কখনই
বোঝা যেত না—
ওই ভেঙে পড়ায়, ও নিজেই আলাদা হয়ে
যেত—
বা হাত-পা ঠাণ্ডা হয়ে যেত—
তা ও কাউকে কখনই বুঝতে দিত না—
পর্ব-২: সত্যি মিথ্যের পাহাড়ে

নিজের পৃথিবীর অর্ধেক দীপিকা বুঝতে পেরেছে—
যা ওর সামনের দিকের, নিজের প্রয়োজনের
সোজা বা তির্যক মোড়গুলোকেই—
দীপিকা দাঁড়িয়ে থাকে আয়নার সামনে—
মুখের হাসিতে, ছলছলে ঘুম-চোখে
রাতভর ঘুমনোর চেষ্টা করে, কোনো কৌতূহলে—
ওর দিনযাপনে একাই সে চিমনির ধোঁয়া
কেউ বিশ্বাস করবে না ওকে—
তবু প্রশ্ন করে তারা, যারা আশেপাশে আছে—
দীপিকা মিথ্যে বা সত্যি নয় তাদের কাছে—
এক অনন্য দীপিকা, সত্যি মিথ্যে মিশে—
ওর কাছে আসা যায়, আবার ওরই কাছে
ফিরে যাওয়া যায়
কোনো প্রতিশ্রুতির আদানপ্রদান ছাড়াই—
দীপিকা সত্যি মিথ্যের সমন্বয়ে
কিভাবে আড়ালে রেখেছে নিজেকে
ওদের কাছে—
ট্রিনকাসে বসে হুইস্কিতে চুমুক
দিয়ে, তাই ভাবতে থাকি
ওর পৃথিবীতে ও নিজে একাই
আশেপাশের যারা আছে তারা অবাক হবে জেনে—
দীপিকা সত্যি মিথ্যের যে পাহাড়ে উঠেছে,
প্রতিটা মোড়ে যে টানাটানি আছে তা ও জানে
সে বন্ধ দরজার আড়ালে চুপ করে দাঁড়িয়ে থাকে
ভাবতে থাকে তার আশেপাশের যে বিন্দুগুলো আছে
তারাই বুঝতে পারে, তারাই সাক্ষী হয়ে থাকে।
পর্ব-৩:মিথ্যে মিথ্যে একই সাথে

দীপিকার যত অতীনদের সাথে
দেখা হয়েছে—
তারা সবাই দীপিকাকে তাদের কাছে
নিয়ে গেছে—
ওর পছন্দ হোক বা না হোক—
মিথ্যে মিথ্যে একই সাথে দাঁড়িয়ে থাকে—
দীপিকাকে নিয়ে শেষ অধ্যায় লিখতে গিয়ে
ভাবতে থাকি—
ওর পৃথিবীতে মিথ্যে মিথ্যেকে এক করে
ভাঙা মনের অনুশাসন মিথ্যে হয়ে থেকে যায়—
দীপিকা অনেক কিছু ছেড়ে দিয়ে মিথ্যে মিথ্যেকে
এক জোড়া ডানায় বেঁধে দেয়—
উঁচুতে উড়তে পারে না—
কিন্তু ওকে ছেড়ে চলে যায়—
পর্ব-৪:ট্রিনকাসে বসে তাই ভাবছিলাম

দীপিকা নিজের কাছে
নিজেই বিস্ময়—
ও একইভাবে মিথ্যে ও মিথ্যেকে
নিয়ে
আরেকটা গল্প তৈরি করবে—
ট্রিনকাসে বসে তাই ভাবছিলাম।
3/1/2025
Amitava Mukherjee
Recitation: Antara Das
Illustration: Sumit Sanyal
Branding: Kaushik Bhattacharyya
Copyright@ Amitava Mukherjee
No Comment! Be the first one.